পুবের কলম, ওয়েবডেস্ক:  মহিলাদের ওপরে চলা অত্যাচারের খবর নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই নানা ধরনের নারকীয় ঘটনার শিকার হন তারা। এবার গার্হস্থ্য হিংসার হলেন এক স্বামী। আজ ভ্যালেন্টাইনস ডে'তেই স্বামীর মাথা ফাটল স্ত্রীয়ের অত্যাচারে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর।

স্ত্রী এবং শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেছেন আক্রান্ত ব্যক্তি৷ স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর গড়িয়ার সবুজ সংঘ এলাকার বাসিন্দা এই দম্পতি। আট বছর আগে প্রেম করেই বিয়ে করেছিলেন। তাঁদের একটি ৭ বছরের পুত্রসন্তানও রয়েছে৷

আক্রান্ত যুবকের অভিযোগ, কয়েকদিন ধরেই তাঁর কাছে ১৫ হাজার টাকা দাবি করছিলেন স্ত্রী৷ কিন্তু সেই টাকা দিতে রাজি হননি  তিনি৷ সোমবার রাতে ফের একবার টাকা নিয়ে অশান্তি শুরু হয়৷ অভিযোগ তখনই  স্বামীর মাথায় কাচের গ্লাস দিয়ে আঘাত করেন স্ত্রী৷ কেড়ে নেন গাড়ির চাবিও৷ মারের চোটে মাথা ফেটে যায় যুবকের। আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। তারাই যুবককে হাসপাতালে নিয়ে যান।

মাথায় ৬টি সেলাই পড়েছে।

আক্রান্ত যুবকের অভিযোগ, শ্বশুরমশাইয়ের প্ররোচনাতেই এই ঘটনা ঘটিয়েছেন স্ত্রী৷ ঘটনার পরই স্ত্রী  এবং শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবক। যুবকের অভিযোগ, বিয়ের পর থেকেই নির্যাতনের শিকার তিনি। তাকে প্রায়শই মারধর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।