পুবের কলম,ওয়েবডেস্ক: এই প্রথম উত্তর কোরিয়ায়  কোনও মার্কিন সেনা গ্রেফতার হয়েছেন। কিম জং-উন সরকার জানিয়েছে, ওই সেনাকে লাগাতার জেরা করা হয়েছে। আটক মার্কিন সেনার নাম ট্র্যাভিস কিং। উত্তর কোরিয়া জানিয়েছে, ট্র্যাভিস উত্তর কোরিয়াতেই থাকতে চান। কারণ, আমেরিকা তার পছন্দ নয়।
উত্তর কোরিয়ার সরকারকে ট্র্যাভিস বলেছেন,  ‘বর্ণবাদ এবং বৈষম্যের দেশ আমেরিকা’। তার মতো কৃষ্ণবর্ণের মানুষদের এখনও আমেরিকায় দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বাঁচতে হয়। সে কারণেই আর দেশে ফিরে যেতে চান না প্রাইভেট পদের এ সৈনিক। তিনি উত্তর কোরিয়ায় থাকতে চান। বস্তুত, এর আগে দক্ষিণ কোরিয়ায় গ্রেফতার হয়েছিলেন ট্র্যাভিস।
একটি পাবে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। এরপর পুলিশের সঙ্গে লড়াই হয় তার। দক্ষিণ কোরিয়ায় হাজতবাস শেষ করে তিনি বিমানবন্দরে যান। সেখানে তার টেক্সাসের ফ্লাইট ছিল। আমেরিকায় পৌঁছে আদালতে বিচার হওয়ার কথা ছিল তাঁর।
কিন্তু টেক্সাসের বিমান না ধরে ট্র্যাভিস উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী জোনে ঢুকে পড়েন। সেখান থেকেই অবৈধভাবে উত্তর কোরিয়ায় ঢোকেন এ মার্কিন সেনা। এরপর তাকে উত্তর কোরিয়ার পুলিশ গ্রেফতার করে। পেন্টাগন অবশ্য জানিয়েছে, ট্র্যাভিসের সুস্থতাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়া ট্র্যাভিসের বিষয়ে যা বলছে তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকা।