পুবের কলম ওয়েবডেস্কঃ ১২৫ তম বর্ষে পা দিল রামকৃষ্ণ মিশন। ট্যুইটে সন্ন্যাসী মহারাজ ও ভক্তদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল থেকেই নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে বেলুড়ে। কেন্দ্রীয় সরকারের সার্বিক সহযোগিতায় হচ্ছে অনুষ্ঠান।

১৮৯৭ সালের ১ লা মে বাগবাজারে বলরাম বসুর বাটিতে স্বামীজির হাতেই পত্তন হয় রামকৃষ্ণ মিশনের।সেখানে বিবেকানন্দই বলেছিলেন সংঘ ব্যতীত কোনও বড় কাজ হয় না। এরপরই ৫ মে সংঘের নামকরণ করা হয় রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশান। অর্থাৎ ১২৫ বছর আগে আজকের দিনেই সংঘ তৈরির প্রস্তাব দিয়েছিলেন স্বামীজি।

এদিনেই পথচলা শুরু রামকৃষ্ণ মিশনের।

রবিবার সকালে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ উদ্বোধনী ভাষণ দেন। প্রথম দফায় অনুষ্ঠান শেষ হয় বেলা সাড়ে এগারোটায়।

দ্বিতীয় দফায় বিকেল ৪ টেয় শুরু হবে অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ। তবে অনুষ্ঠানের আয়োজন করা হলেও কঠোরভাবে পালন করা হচ্ছে করোনা বিধি।

মঠে প্রবেশের ক্ষেত্রে ভক্তদের জন্য স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। গোটা অনুষ্ঠান দেখা যাবে ইউটিউবে। শুধু আজকের দিনই নয় ২০২৩ সালে ১ মে পর্যন্ত ১২৫ তম বর্ষ উদযাপনে নানারকম অনুষ্ঠান চলবে।

https://twitter.com/MamataOfficial/status/1520621706154754048?t=Mjbw6h9uC7IGDS3rWn4BvA&s=19