পুবের কলম ওয়েবডেস্ক: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) নিখোঁজ ছাত্র নাজিব আহমেদ-এর মামলায় সিবিআই-এর ক্লোজার রিপোর্ট গ্রহণ করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই সিদ্ধান্তের প্রতিবাদে ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস ইউনিভার্সিটি (EFLU)-র ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ছাত্র সংসদ মামলাটি পুনরায় খোলার দাবি জানিয়েছে।

২০১৬ সালের ১৫ অক্টোবর জেএনইউ-র ছাত্রাবাস থেকে নিখোঁজ হন নাজিব আহমেদ। যিনি সেসময় বায়োটেকনোলজিতে এমএসসি পড়ছিলেন। নিখোঁজ হওয়ার আগের রাতে তাঁকে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি সদস্যদের হাতে মারধরের শিকার হতে হয়েছিল বলে অভিযোগ ওঠে।

সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে ইএফএলইউ ছাত্র সংসদ জানায়—“দেশের শীর্ষ তদন্ত সংস্থা তদন্ত করলেও আজও প্রশ্ন থেকেই যায়—‘নাজিব কোথায়?’ অভিযুক্ত এবিভিপি সদস্যদের যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি, যা তদন্তের ব্যর্থতা প্রমাণ করে।”

ছাত্র সংসদ স্পষ্ট করে জানায়, তারা নাজিবের পরিবারের পাশে আছে এবং এই মামলা কোনোভাবেই ইতিহাস থেকে মুছে যেতে দেবে না। তাঁরা সিবিআই-এর প্রতি আহ্বান জানান, নাজিব আহমেদের ‘বাধ্যতামূলক নিখোঁজ’ হিসেবে ঘটনার স্বীকৃতি দিয়ে নতুন করে তদন্ত শুরু করতে হবে।

প্রায় আট বছর পরও কোনো তথ্যপ্রমাণ না পাওয়া এবং মামলা বন্ধ করে দেওয়ার ঘটনায় ফের একবার দেশের শিক্ষাঙ্গনে ধর্মীয় বৈষম্য, বিচারহীনতা ও নিরাপত্তাহীনতার প্রশ্ন সামনে এনে দিয়েছে। বিরোধীরা মনে করছে, এ এক গভীর গণতান্ত্রিক সংকটের ইঙ্গিত।