পুবের কলম ওয়েবডেস্কঃ চিকেন বা মাটন বিরিয়ানি তো অনেক হল। একটু ভিন্ন স্বাদের ফুলকপির বিরিয়ানিতে হোক রসনার তৃপ্তি। শীতের বাজারে ইতিমধ্যেই ফুলকপির রমরমা শুরু হয়ে গিয়েছে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কি করে জিভে জল আনা ফুলকপির বিরিয়ানি বানিয়ে চমকে দেবেন সকলকে।রসনার তৃপ্তি হোক ভিন্ন ধরনের ফুলকপির বিরিয়ানিতে

উপকরণ

১. ফুলকপির টুকরো ৫০০ গ্রাম ২. বাসমতি চাল ৫০০ গ্রাম ৩. পেঁয়াজ কুচি এক কাপ ৪. ভাজা পেঁয়াজ আধা কাপ ৫. আদা বাটা ১ চা চামচ ৬. রসুন বাটা ১ চা চামচ ৭. জিরে বাটা ১ চা চামচ ৮. হলুদ গুঁড়ো ১ চা চামচ ৯. লঙ্কার গুঁড়ো আধা চা চামচ ১০. এলাচ ২টি ১১. দারুচিনি ২টি ১২. কেওড়া জল আধা চামচ ১৩. কাঁচা লঙ্কা ৩টি ১৪. লবণ স্বাদমতো ১৫. তেল ৪-৫ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে প্যানে তেল গরম করে গরম মসলা ও পেঁয়াজ বাদামি করে ভেজে নিন।

এবার কড়াইতে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপিগুলো কষিয়ে নিন।

অল্প জল মিশিয়ে ফুলকপি কষাতে থাকুন। আধা সেদ্ধ হয়ে এলে আলাদা করে বাটিতে তুলে রাখুন।

এরপর আগে থেকেই ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো ভেজে নিন। চাল আগে থেকে ধুয়ে অন্তত আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে পারলে ভালো।

চাল আর মসলা একসঙ্গে মিশে গেলে এরপর পরিমাণমতো গরম জল দিন। জল ফুটলে আধা সেদ্ধ করা ফুলকপি মিশিয়ে দিন।

এরপর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে হালকা আঁচে ঢেকে দিন। বিরিয়ানি হয়ে এলে উপর থেকে বেরেস্তা ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রাখুন।

এরপর গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের ফুলকপির বিরিয়ানি। এটি যেমন সুস্বাদু, ঠিক তেমনই স্বাস্থ্যকরও বটে।

Satisfy the taste of different types of cauliflower biryani