পুবের কলম ওয়েব ডেস্কঃ নারীদের জন্য আরও নিরাপদ, আরামদায়ক এবং অবসর সময় কাটানোর সুযোগ তৈরি করতে বড় পদক্ষেপ নিল দুবাই। আল মামজার এলাকায় চালু হয়েছে অত্যাধুনিক নতুন সৈকত, যেখানে প্রথমবারের মতো শুধুমাত্র নারীদের জন্য বিশেষভাবে সংরক্ষিত সৈকত অংশ রাখা হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা,  কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যক্তিগত গোপনীয়তার নিশ্চয়তা সব মিলিয়ে এটি মধ্যপ্রাচ্যে নারীবান্ধব সৈকত তৈরির এক উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।এই নতুন সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ হলো নারীদের জন্য নির্দিষ্ট পৃথক অংশ। এখানে এমন পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে মহিলারা সম্পূর্ণ স্বস্তিতে সময় কাটাতে পারবেন।

ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে ছবি তোলা বা ভিডিও রেকর্ডিংয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি পুরো এলাকায় দায়িত্বে রয়েছেন প্রশিক্ষিত মহিলা লাইফগার্ড, ফলে মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনও দুশ্চিন্তার অবকাশ নেই। 

যেসব নারী সাধারণ সৈকতে অস্বস্তি বোধ করেন বা আরও নিরিবিলি পরিবেশে অবসর কাটাতে চান, তাঁদের জন্য এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। বৃহৎ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে গড়ে ওঠা এই সৈকত বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এমিরেটস ২৪/৭-এর তথ্য অনুযায়ী, এই সৈকত হল বৃহত্তর আল মামজার বিচেস উন্নয়ন প্রকল্পের অংশ, যার খরচ ধার্য হয়েছে ৫০০ মিলিয়ন দিরহাম।

জানা গিয়েছে, নতুন খোর আল মামজার সৈকত প্রকল্পটি ৫ মে দুবাই নাগরিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এটি ২৭.৫ লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত। এখানে আরাম, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হয়েছে। সমুদ্রতটজুড়ে আধুনিক পরিকাঠামো, বিশ্রামের ব্যবস্থা এবং পর্যাপ্ত খোলা জায়গা রাখা হয়েছে। এরফলে পরিবার ও পর্যটকরা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন।
 

এই সৈকতের আরেকটি আকর্ষণ হলো ২৪ ঘণ্টা সাঁতারের সুবিধা। বিশেষ আলোকসজ্জায় সজ্জিত থাকছে রাত্রিকালীন সাঁতার কাটার অঞ্চল। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। যার ফলে গভীর রাতেও নিরাপদে সাঁতার কাটা যাবে। রাতের অন্ধকারেও মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে উন্নত আলোর ব্যবস্থা, নজরদারি কাঠামো এবং জরুরি সহায়তার বিশেষ ব্যবস্থা। ফলে দিনের পাশাপাশি রাতেও সমুদ্র উপভোগের সুযোগ মিলবে। শুধু সাঁতার নয়, এখানে স্বাস্থ্যচর্চা ও বিনোদনের নানা ব্যবস্থা রয়েছে। দীর্ঘ হাঁটার পথ, দৌড়ানোর ট্র্যাক এবং সাইকেল চালানোর রাস্তা সৈকতের বিভিন্ন অংশে যুক্ত করা হয়েছে।