পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইল-ইরানের মধ্যকার উত্তেজনার ফলে সউদি আরবে আটকে পড়েছেন বহু ইরানি হাজী। সেই পরিস্থিতিতে সউদি আরবের শাসক রাজা সলমন শুক্রবার নির্দেশ দিয়েছেন, যেন হজ পালন করতে এসে দেশে ফিরতে না-পারা ইরানি হাজীদের সমস্ত রকম সহায়তা দেওয়া হয় যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং তাঁরা নিরাপদে ফিরে যেতে পারছেন। রাজা সলমন তৎক্ষণাৎ নির্দেশ দেন, যেন হজ ও ওমরাহ মন্ত্রক জরুরি ভিত্তিতে ইরানি হাজীদের আশ্রয়, চিকিৎসা, খাদ্য, ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
আরও পড়ুন:
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন এক সময়ে, যখন মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনীভূত। শুক্রবার ভোরে ইসরাইল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়।
ইসরাইলের দাবি, তারা ইরানের পারমাণবিক স্থাপনা, বিজ্ঞানী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে, যেন ইরান পরমাণু অস্ত্র তৈরি না করতে পারে।আরও পড়ুন:
হামলার পরই তেহরান দেশের আকাশপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় নিরাপত্তার কারণে। এর ফলে, বহু ইরানি নাগরিক;যাঁরা হজ পালন করতে সউদি আরবে এসেছিলেন তাঁরা দেশে ফিরতে না পেরে আটকে পড়েন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, হজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।
এ বছর প্রায় ১৬ লক্ষেরও বেশি মুসলমান সারা বিশ্ব থেকে হজে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন কয়েক হাজার ইরানিও। এদিকে, ইরানও চুপ করে বসে থাকেনি। ইসরাইলের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তারা পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এতে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে।