পুবের কলম,ওয়েবডেস্ক:রাশিয়ার চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার পর দেশটির  শীর্ষস্থানীয় একজন বিজ্ঞানী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ওই বিজ্ঞানীর নাম মিখাইল মারোভ (৯০)। লুনা-২৫ মহাকাশযানের চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার পর ওই বিজ্ঞানী অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।

লুনা-২৫ মহাকাশযানের চন্দ্রাভিযানে কাজ করা শীর্ষস্থানীয় রুশ পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানীদের একজন মিখাইল।

অভিযানের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাশিয়ার রাজধানী মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। জ্যোতির্বিজ্ঞানী মিখাইল সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাটির মাত্রা তার জন্য মারাত্মক ছিল, যা তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। দীর্ঘ ৪৭ বছর পর এই প্রথম চন্দ্রাভিযান পরিচালনা করেছিল রাশিয়া। কিন্তু ব্যর্থ হয় দেশটি। রুশ মহাকাশ সংস্থা রসকসমস জানায়, লুনা-২৫ চাঁদে বিধ্বস্ত হয়েছে।

এর আগে ১৯৭৬ সালে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সেটির নাম ছিল লুনা-২৪। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটাই (লুনা-২৫) ছিল রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান। ১৯৭৬ সালে যখন সোভিয়েত ইউনিয়ন চাঁদে মহাকাশ যান পাঠায় সে সময়ে এর সঙ্গে যুক্ত ছিলেন মিখাইল। ফলে এ বিষয়ে তার অভিজ্ঞাতা থাকায় লুনা-২৫-এর মিশনকে তাকে যুক্ত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত মিশনটি ব্যর্থ হলো।