পুবের কলম, ওয়েবডেস্ক: শাহীন গ্রুপ ইনস্টিটিউশন দেশব্যাপী ১0,000 মাদ্রাসা শিক্ষার্থীকে আধুনিক শিক্ষার সঙ্গে সংযুক্ত করার জন্য একটি কার্যক্রম চালু করেছে। এই প্রকল্পের প্রচারপত্র-পোস্টার প্রকাশ করে শাহীন গ্রুপের কর্মকর্তা ড. আব্দুল কাদির বলেন, আমরা সারা ভারতে ৫0টি মাদ্রাসায় ৫000 হিফজ বা হুফ্ফাজ এবং ৫000 মাদ্রাসা ছাত্রদের মূলধারার শিক্ষা প্রদানের জন্য একটি প্রোগ্রাম তৈরি করেছি। মাদ্রাসা প্লাস হল একটি ১৮-মাসের প্রোগ্রাম। যা বিশেষভাবে ড্রপআউট বা যারা কখনও স্কুলে যায়নি তাদের জন্য ডিজাইন করা হয়েছে।  এই মাদ্রাসার ছাত্রদেরকে দশম শ্রেণিতে ভর্তি ও পাস করার সুযোগ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

হুফফাজ এবং মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা প্রদানের প্রকল্পটির লক্ষ্য মাদ্রাসা-শিক্ষিত শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে একীভূত করা। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা প্রদান এবং তাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জনে সহায়তা করার জন্য ব্রিজ কোর্স এবং ব্যক্তিগত পাঠদান ক্লাস অনুষ্ঠিত হবে।

মাদ্রাসাগুলো মানসম্মত আধুনিক শিক্ষা প্রদানের প্রকল্পে আগ্রহী হচ্ছে। মাদ্রাসা ব্যবস্থাপনার মাধ্যমে মানসম্মত আবাসিক ব্যবস্থা এবং মানসম্মত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে ড. আব্দুল কাদির জানান।

তিনি আরও বলেন, ২০১২ সাল থেকে, আমরা হিফজ প্লাস প্রোগ্রামটি এমন একটি ছোট দলের ছাত্রদের সঙ্গে চালাচ্ছি যারা কখনও স্কুলে যায়নি বা ড্রপআউট হয়েছে এবং যারা সাফল্য পেয়েছে বা দ্বাদশ শ্রেণি পাস করেছে এবং সেট বা নিট-এর জন্য যোগ্যতা অর্জন করেছে। হিফজ প্লাস প্রোগ্রাম হুফফাজকে একটি "অ্যাকাডেমিক ইনটেনসিভ কেয়ার ইউনিট" করে ,তাদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে করা হচ্ছে।