রাজ্যের প্রায় সমস্ত ভোটারের হাতেই পৌঁছে গেছে এনুমারেশন ফর্ম—এমনটাই জানাল ভারতের নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ৭.৬৬ কোটি ভোটারের মধ্যে ৯৯.৭৪ শতাংশ অর্থাৎ প্রায় ৭ কোটি ৬৪ লাখ মানুষ ফর্ম হাতে পেয়েছেন। এখনো মাত্র ২ লাখ মানুষের কাছে ফর্ম দেওয়া বাকি। এ ছাড়া ইতিমধ্যেই প্রায় ৪১.২ শতাংশ ফর্ম ডিজিটাইজ় করা হয়েছে।

ডিজিটাইজ় হওয়া ফর্মের সংখ্যা পৌঁছেছে প্রায় ৩ কোটি ১৫ লাখে।

বিহারের পর দ্বিতীয় দফায় দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলা বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ফর্ম বিলি ও গ্রহণের জন্য কমিশন এক মাস সময় রেখেছে। ৪ নভেম্বর শুরু হওয়া এই কার্যক্রম শেষ হবে ৪ ডিসেম্বর; খসড়া তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। সময় সীমা এগিয়ে আসায় প্রক্রিয়ায় আরও গতি আনতে উদ্যোগী হয়েছে কমিশন। উত্তর কলকাতার ৭ জন BLO-কে কম ফর্ম ডিজিটাইজ় করার অভিযোগে ইতিমধ্যেই শো-কজ নোটিশ দেওয়া হয়েছে।