নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এবার বিধায়ক হিসেবেও আনুষ্ঠানিক ভাবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় শপথগ্রহণ পর্বের শুরুতেই প্রথম বিধায়ক হিসেবে শপথবাক্য পাঠ করেন তিনি। তবে শপথের আগে তাঁর এক বিশেষ মুহূর্ত ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিধানসভা ভবনের ভিতরে প্রবেশের আগে সিঁড়িতে নতজানু হয়ে প্রণাম করতে দেখা যায় শুভেন্দুকে। পরে সেই ভিডিয়ো নিজেই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
এদিন সকালেই বিধানসভায় পৌঁছে প্রথমে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেডকরের মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। এরপর তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। বিধানসভা চত্বরে উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক এবং প্রশাসনের একাধিক শীর্ষকর্তা।
সব আনুষ্ঠানিকতা শেষ করে বিধানসভা ভবনের প্রবেশদ্বারে পৌঁছতেই দেখা যায়, শুভেন্দু অধিকারী সিঁড়ির সামনে নতজানু হয়ে প্রণাম করছেন। তারপর ভিতরে প্রবেশ করে পুজোও দেন তিনি।
প্রোটেম স্পিকার তাপস রায়ের উপস্থিতিতে এদিন শপথগ্রহণ পর্ব শুরু হয়। প্রথমে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর একে একে শপথ নেন মন্ত্রী দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।
আরও পড়ুন:
বিধানসভা সূত্রে জানা গিয়েছে, দু’দিন ধরে চলবে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান।
বুধবার প্রথমার্ধে উত্তরবঙ্গের ৯ জেলা এবং মুর্শিদাবাদের মোট ৭৬ জন বিধায়ক শপথ নেবেন। দুপুরের পর নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার আরও ৮০ জন বিধায়ক শপথ নেওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার বাকি ১১ জেলার বিধায়কদের শপথগ্রহণ সম্পন্ন হবে।রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়ের পর প্রথমবার বিধানসভায় প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে। সেই মুহূর্তে তাঁর এই প্রণাম এবং পুজোর ছবি ইতিমধ্যেই রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।