পুবের কলম,ওয়েবডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে দেশটির রাজধানীতে অবস্থিত সংসদ ভবনের কাছে এই বিস্ফোরণ ঘটে। এই হামলাকে প্রাথমিক ভাবে আত্মঘাতী হামলা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  দেশটির স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সংসদ ভবনের কাছে বিস্ফোরক ডিভাইস দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, সংসদ ভবনের সামনে হামলার জন্য দুই ব্যক্তি দায়ী। এদের মধ্যে একজন আত্মঘাতী হামলা চালিয়েছে এবং অপরজনের হামলা প্রতিহত করা হয়েছে। হামলার পরপরই সংসদ ভবন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গ্রীষ্মের বিরতির পর রবিবার থেকেই তুরস্কের সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা। দুপুরের অধিবেশনে প্রেসিডেন্ট রিসেপ এরদোগানসহ সংসদের সব সদস্যের উপস্থিত থাকার কথা ছিল।
এর মধ্যেই সকালে সেখানে হামলার ঘটনা ঘটল। এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ মনে করছে আঙ্কারা। সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ারলিকায়া বলেছেন, ‘দুজন সন্ত্রাসী একটি গাড়ি নিয়ে পুলিশ সদর দফতরের ভবনের প্রবেশদ্বারের কাছে আসে এবং তাদের একজন বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।’ কারা এই হামলার জন্য দায়ী তা জানা যায়নি। এখনও পর্যন্ত কেউ হামলার দায়ও স্বীকার করেনি। তবে আইএস সদস্যদের বিরুদ্ধে তুর্কি কর্তৃপক্ষের চলমান অভিযানের মধ্যেই হামলার এই ঘটনা ঘটল।