পুবের কলম,ওয়েবডেস্ক: মণিপুরে ধাক্কাধাক্কি হিংসা নিয়ে এবার বীরেন সিং সরকার থেকে সমর্থন তুলে নিল এনডিএ-র শরিক কুকি পিপলস অ্যালায়েন্স (কেপিও)। রবিবার রাজ্যপাল অনুসূয়া উইকে-কে চিঠি লিখে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানালেন কেপিএ-র সভাপতি টংমাং হাওকিপ। এতোদিন মণিপুর নিয়ে বিরোধীদের ক্ষোভ সামাল দিয়ে এসেছে বিজেপি নেতৃত্ব। এবার খোদ এনডিএ জোটে ফাটল দেখা দেওয়ায় অস্বস্তিতে কেন্দ্রের শাসক দল।

মণিপুরে বিজেপি সরকারের সঙ্গে জোটে শামিল হয়েছিল কেপিএ। তাদের দু’দন বিধায়ক রয়েছেন। রবিবার রাজ্যপালকে দেওয়া চিঠিতে সে দলের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সরকারের প্রতি সমর্থন জারি রাখা ঠিক হবে না। তাই মণিপুর সরকার থেকে সমর্থন প্রত্যাহার করা হচ্ছে।
তবে কেপিএর দুই বিধায়কের সমর্থন প্রত্যাহারে সরকার বিপদে পড়বে না মণিপুরে। ৬০ আসনের বিধানসভায় বিজেপির একার হাতেই রয়েছে ৩২ জন বিধায়ক। পাশাপাশি নাগা পিপলস পার্টির হাতে রয়েছে সাত বিধায়ক। পাঁচ বিধায়ক রয়েছে কংগ্রেসের।
জেডিইউ-র হাতে রয়েছে ৬ বিধায়ক।

মণিপুরের ধারাবাহিক হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর পদত্যাগের দাবি উঠছে বারবার। একবার তিনি পদত্যাগের ইচ্ছাও প্রকাশ করেন। তবে পরে তিনি অবস্থান বদলান। এবার কুকি পিপলস অ্যালায়েন্স সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করায় সরকারের প্রতি কুকিদের আস্থাহীনতা প্রকাশ পাচ্ছে। অন্যদিকে, মণিপুরের সুশীল সমাজের সংগঠন সিওসিওএমআই বা কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটি সোমবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছে এন বীরেন সিং সরকারকে বয়টক করার জন্য।