পারিজাত মোল্লাঃ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে উঠে পুলিশি অনুমতি বিষয়ক মামলা। পশ্চিম মেদিনীপুর জেলার পিংবনিতে সভা করতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তবে সভার সময় বেঁধে দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন কলকাতা হাইকোর্ট জানায়, -' সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিজেপি সভা করতে পারবে'। এর আগে পুলিশ সেই সভার অনুমতি দেয়নি।
তারপর স্থানীয় বিজেপি নেতৃত্ব পিংবনির নবকুঞ্জ কলেজ মাঠে সভা করতে চায়।

কিন্তু পুলিশ তা বাতিল করে।বিজেপির অভিযোগ, -'পুলিশ ইচ্ছে করেই শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিচ্ছে না। পুলিশ পিংবনির হাটশালা কলেজ মাঠে তৃণমূলের সভা অনুমতি দিয়েছে'। তারপরই পিংবনি সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।পুলিশের দাবি , একই জায়গায় একই সঙ্গে মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়। এদিন আদালতে পুলিশ সুপার রিপোর্ট জমা দিয়ে জানান, -' ৫০০ মিটারের দূরত্বে দু'টি রাজনৈতিক দলের মিছিল ও সভা রয়েছে।

তাই পুলিশ অশান্তির আশঙ্কা করছে'।রাজ্যের আইনজীবী এদিন আদালতে জানান, -'তৃণমূল যে মিছিল করবে সেখানে কমপক্ষে ৫ থেকে ৭ হাজার মানুষের জমায়েত হতে পারে'।
পাল্টা শুভেন্দুর আইনজীবী দাবি করেন, -'বিজেপির সভায় দু'হাজার মানুষের জমায়েত হতে পারে'।শুনানি শেষে বিচারপতি জয় সেনগুপ্ত বিজেপিকে সভা করার অনুমতি দেন। তিনি জানান,-' সকাল ৯টা থেকে সভা করতে পারবে তারা। কিন্তু দেড়টার মধ্যে সেই সভা শেষ করতে হবে। স্থানীয় পুলিশকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে'। উল্লেখ্য, দুপুর আড়াইটে থেকে তৃণমূলের সভা রয়েছে সেখানে ।