পুবের কলম, ওয়েবডেস্ক: শিখদের একটি অংশ পৃথক ‘খালিস্তান’ গড়ার লক্ষ্যে বহুদিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সেই খালিস্তানপন্থীদের বিরুদ্ধে বারবার সহিংসতার অভিযোগ উঠছে। আমেরিকা, কানাডার মতো দেশে খালিস্তানপন্থীরা আস্তানা গেড়েছে। মোদি সরকার ও ইন্টেলিজেন্স ‘র’ এই খালিস্তানিদের ‘নিষ্ক্রিয়’ করতে নানা ধরনের চেষ্টা করে চলেছে।
আরও পড়ুন:
এই প্রেক্ষিতে কানাডার সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন দেখা গিয়েছিল আগেই। এবার আমেরিকাও ভারতের সঙ্গে এ ব্যাপারে কঠোর নীতি অবলম্বন করছে। মার্কিন নাগরিক ও খালিস্তানি নেতা পান্নুনকে হত্যা ষড়যন্ত্রে ভারতের জড়িত থাকার অভিযোগ এনেছিল আমেরিকার সরকার। অতি সম্প্রতি তারা জানিয়েছে যে ভারত এ ব্যাপারে কী তদন্ত করছে তার উপর নজর থাকবে তাদের।
আরও পড়ুন:
শুধু তাই নয়, এবার এই তদন্ত নিয়ে কথা বলতে দিল্লি আসার সিদ্ধান্ত নিয়েছেন সে দেশের শীর্ষ গোয়েন্দা কর্তা। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান ক্রিস্টোফার এ রে দিল্লি সফরে আসছেন।
আরও পড়ুন:
ক্রিস্টোফার এনআইএ, র, সিবিআই, আইবি প্রধানদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। সূত্রের খবর, পান্নুন হত্যা ষড়যন্ত্রকে কেন্দ্র করে আমেরিকার অভিযোগই হবে আলোচনার মূল বিষয়। তদন্তের কাজে মোদি সরকার কীভাবে কতটা সহায়তা করবে তা জানতে আগ্রহী এফবিআই। ওই বৈঠকে খালিস্তানি উগ্রবাদের পাশাপাশি সামগ্রিক নিরাপত্তা সমস্যা ও জম্মু-কাশ্মীর ইস্যু প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে।