পুবের কলম,ওয়েবডেস্ক: রমযানেও রক্ত ঝরল জেরুসালেমে। একদিকে ইসরাইলি হানাদার বাহিনী যখন সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে, তখন দখলদার সৈন্যরা একের পর এক বুলেটে ঝাঁঝরা করে দিচ্ছে ফিলিস্তিনি যুবক খালিদ আল ওসাইবির শরীর। শুক্রবার রাতে এই ২৬ বছর বয়সি যুবককে হত্যা করার পর শনিবার ফের আরেকজন ফিলিস্তিনিকে গুলি করে খুন করেছে ইসরাইলি সেনারা। অধিকৃত পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনির নাম মুহাম্মদ রাঈদ বারাদিয়া। বয়স ২৪ বছর। ২৪ ঘণ্টার মধ্যে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করায় ফুঁসে উঠেছে ফিলিস্তিনিরা। রমযানেও রক্তস্রোত বন্ধ না হওয়ায় অনেকেই পালটা আক্রমণের আওয়াজ তুলছেন। বাইত উমারের কাছে বারাদিয়া একদল ইসরাইলি সেনার উপর গাড়ি চালিয়ে দিয়েছিল।
তাতে তিন হানাদার আহত হয়। তারপরই নাকি তাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে তারা। এর আগের দিন ওসাইবি হত্যা করার ক্ষেত্রেও তারা ফিলিস্তিনিকে অভিযোগের কাঠগড়ায় তুলতে দাবি করেছিল যে সে নাকি তাদের বন্দুক কেড়ে  নেওয়ার চেষ্টা করেছিল। তাই ১০ বার ফায়ার করে তাকে শেষ করে দেয় তারা! অথচ আসলে সেই যুবক আল আকসায় এক নারীকে  ইসরাইলি সেনার হেনস্থার হাত থেকে বাঁচাতে গিয়েছিল। দুটি  ক্ষেত্রেই ইহুদিবাদী সেনারা নিষ্ঠুরতার চরম বহিঃপ্রকাশ করেছে।  রবিবার এর প্রতিবাদে সাধারণ ধর্মঘট হয়েছে জেরুসালেমে। সমবেত  হয়ে তারা এর তদন্তের দাবি তুলেছেন।
এভাবে নিরপরাধদের কেন হত্যা করছে ইসরাইল, জবাব চাইছে ফিলিস্তিনিরা।

অন্যদিকে, মসজিদুল আকসা থেকে মুসল্লিদের বের করে দেওয়ার  জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে দখলদারবাহিনী। শনিবার  দিবাগত রাত এমন কাজ করে তারা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দখলদার বাহিনী আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় তারা ইতেকাফের নিয়তে মসজিদে অবস্থানকারীদের বের করে  দিতে চায়। কিন্তু মুসল্লিরা ভেতর থেকে দরজা আটকে দেয়। তাই  জবরদস্তি করতে পারে না তারা। পরে তারা মসজিদের বিদ্যুৎ সংযোগ  বিচ্ছিন্ন করে দেয়।
যেন অবস্থানকারীরা বেরিয়ে যেতে বাধ্য হয়।   এতেও কোনো কাজ হয় না। শেষে দরজা খোলার জন্যও অনেক চেষ্টা করেছিল। গত শুক্রবার দিবাগত রাতে হুরা অঞ্চলের ডাক্তার  ওসাইবিকে হত্যা করে দখলদার বাহিনী। এরপর তারা মসজিদুল  আকসায় ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করে দেয়। যেন ইসরাইলি  বাহিনীর সঙ্গে তারা সংঘর্ষে জড়াতে না পারে। কিন্তু তাদের ক্ষোভ  আরও বেড়েছে। কারণ ওসাইবির সঙ্গে যুক্ত হয়েছে বারাদিয়ার মৃত্যু।  রমযানে এভাবেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে জেরুসালেম।