বিশেষ প্রতিবেদন: মধুর উপকার অনেক। সর্দি, কাশি থেকে শুরু করে ওজন কমানোর জন্য ডায়েটে মধু আর লেবুর রস খাওয়া হয়। আবার অনেকে মধু রূপ চর্চার কাজেও ব্যবহার করেন। সাধারণত মধু ৫০০ থেকে ৬০০ টাকা কেজিতে মেলে। তবে পৃথিবীর সবচেয়ে দামি মধুর দাম ৯ লক্ষ টাকা কেজি।
তুরস্কের দুর্গম কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি অঞ্চলে পাওয়া যায় এই ‘এলভিস মধু’। সেই দুর্গম অঞ্চল থেকে বিশেষ এই মধু সংগ্রহের কাজ অত্যন্ত কঠিন। সম্প্রতি মধু সংগ্রহ করার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যায়, এক ব্যক্তি কৃষ্ণ সাগরের সেই দুর্গম অঞ্চল থেকে মধু সংগ্রহ করছেন। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে তিনি নিজেকে সম্পূর্ণ ঢেকে ফেলেছেন।
মৌমাছির আক্রমণ থেকে বেঁচে কোনও মতে বিশুদ্ধ সেই মধু সংগ্রহ করেন তিনি। একেবারে চাকভাঙা এই মধু বাজারে বিক্রি হওয়া মধুর চেয়ে অনেকটাই আলাদা। যেসব সংস্থা এই এলভিস মধু বিক্রি করে, তাদের কতটা পরিশ্রম করতে হয় সেটাও দেখানো হয়েছে ভিডিয়োতে। এই এলভিস মধুর গুণমান রক্ষার জন্য শহর থেকে দুরে কোনও গুহার মধ্যে, যেখানে মানুষের যাতায়াত প্রায় নেই বললেই চলে, এমন জায়গায় আলাদা করে মৌমাছি প্রতিপালনের ব্যবস্থা করা হয়। যেহেতু এই মধু ব্যবসায়িক স্বার্থে চাষ করা হয়, তাই বাজারজাত হওয়ার আগে তার বিশুদ্ধতা পরীক্ষা করে তুরস্কের ফুড ইনস্টিটিউট।