উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ ভোট গণনার পরেই তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে জয়নগরে। ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের কার্যালয়, শহীদ বেদী ও পৌরসভার গেটে বিজেপির দলীয় পতাকা লাগানো হয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সেই সমস্ত পতাকা খুলে নিয়ে সৌজন্যের বার্তা দিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। 

জানা গিয়েছে, জয়নগর মজিলপুর পৌরসভার গেট, হরিনারায়ণপুর, মায়াহাউড়ি সহ একাধিক পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে বিক্ষোভ মিছিল হচ্ছে। ক্রমবর্ধমান এই ঘটনায় রীতিমতো কড়া বার্তা দিয়েছে সদ্য ক্ষমতায় আসা গেরুয়া শিবির।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না। তার পরেও এই জাতীয় ঘটনা ঘটে চলেছে। আর তাই বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতির নির্দেশ মেনে জয়নগর তিন নম্বর মন্ডলের কর্মীরা জয়নগর মজিলপুর পৌর এলাকার এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা করেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস তাদের ফিরিয়ে দেন। এছাড়াও, পৌরসভার গেট থেকে বিজেপির দলীয় পতাকা খুলে নিতে বলেন।
জয়নগর থানার মোড়ে তৃণমূল কংগ্রেসের শহীদ বেদীতে পুনরায় তৃনমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগিয়ে দেন তাঁরা। 

এবিষয়ে জয়নগর ৩ নম্বর মন্ডলের কার্যকরী সম্পাদক কৌশিক মোদক বলেন, "আমরা ক্ষমতায় এসেছি খুব ভালো লাগছে। তবে তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস দখল,  ভাঙচুর, পৌরসভায় দলীয় পতাকা লাগানোর মতন কাজ করবো না। তাহলে ওদের সাথে আমাদের তফাত কি থাকবে। এটা বিজেপির কালচার নয়।

যারা আচমকা ভোটের ফলাফল বের হওয়ার পর নিজেদেরকে বিজেপি কর্মী সমর্থক ভাবতে শুরু করেছে তাঁরাই এই কাজ করেছে। এর সঙ্গে আমরা কোনোভাবেই যুক্ত নই।তাই আমরা পৌরবাসীদের কাছে শান্তির আবেদন করছি। আমরা ইতিমধ্যে পূর্বের জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ফিরিয়ে দিয়েছি এবং জয়নগর থানার পুলিশ প্রশাসনকে জানিয়ে দিয়েছি, এর সঙ্গে আমাদের দলের কোনো যোগ নেই।এই জাতীয় কাজ যারা করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"