পুবের কলম,ওয়েবডেস্ক: টম্যাটো না সোনা... ধরতে পারবেন না।বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এই সবজি। শুধু টম্যাটো বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়েছে বহু কৃষক। টম্যাটো বিক্রি করে একদিকে স্বর্গ লাভের অবস্থা কৃষকদের, অন্যদিকে মাথায় ঘাম জমার পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যবিত্তের।
এহেন পরিস্থিতিতে টম্যাটো নিয়ে বক্তব্যের জেরে বিতর্কে পড়েছেন উত্তরপ্রদেশের মহিলা উন্নয়ন প্রতিমন্ত্রী প্রতিভা শুক্লা।

টম্যাটো প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, একত্রে টম্যাটোকে বয়কট করুন। দেখবেন দাম কমে গেছে। টম্যাটোর বদলে পাতিলেবু খান।
উত্তরপ্রদেশের মন্ত্রীর এহেন বক্তব্য ঘিরে তৈরি হয় তীব্র বিতর্ক।

রবিবার বৃক্ষরোপনের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মহিলা উন্নয়ন প্রতিমন্ত্রী প্রতিভা। সেখানেই টম্যাটোর দামের প্রসঙ্গ উঠে আসে। কী ভাবে এই সমস্যা মোকাবিলা করা যায় জিজ্ঞাসা করা হলে প্রত্যুত্তরে তিনি জানান, যে জিনিসের খুব বেশি দাম সেটা খাওয়া বন্ধ করে দিলে তাহলেই দাম কমে যাবে। এক্ষেত্রে টম্যাটোর বদলে পাতিলেবু খান। আর একান্তই টম্যাটো খেতে হলে নিজের বাড়িতে চাষ করুন।