পুবের কলম ওয়েবডেস্কঃ বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে এবার হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে একটি হল নন্দীগ্রাম। বিজেপির শুভেন্দু অধিকারির বিপখে সেখানে প্রার্থী হয়েছেন তৃণমূলের পবিত্র কর। এবার শুভেন্দুর পথেই হাঁটলেন তৃণমূল প্রার্থী। শুভেন্দু যে পথে মিছিল করেছিলেন পথেই পাল্টা মিছিল করলেন পবিত্র। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন, বিধানসভা নির্বাচনে তাঁর জয় নিশ্চিত।

 

রবিবার নন্দীগ্রামের আশদতলিয়ার দুর্গামন্দিরে পুজো দেওয়ার পর মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারি। তার পরের দিন সেই পথেই পাল্টা মিছিল করলেন পবিত্র। এদিন মিছিল করে ১০০ শতাংশ নিজের জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল প্রার্থী। তাঁর দাবি, তৃণমূল এখানে জয়ী হবে। শুধু তাই নয়, তিনি দাবি করেন, এদিনের মিছিলে ধারনার থেকে অনেক বেশি লোক হয়েছে।

দলের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল শেষে এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে পবিত্র কর শুভেন্দুকে নিশানা করে বলেন, রবিবারের কর্মসূচীতে কত লোক হয়েছে তা সকলেই দেখেছে। একইসঙ্গে তিনি শুভেন্দুকে হেভিওয়েট বলে মানতেও নারাজ। তাঁর দাবি, নন্দীগ্রামে বিজেপির ঘাঁটি এখন আর শক্ত নেই, তা নরম হয়ে গিয়েছে। 

অন্যদিকে, পবিত্র করের এই মন্তব্য সামনে আসতেই পাল্টা আক্রমণ করেছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। তাঁদের বক্তব্য, শুভেন্দু অধিকারি হলেন রাজ্যের নেতা।

অন্যদিকে, পবিত্র কর তাঁর কোনও পর্যায়েই পড়েন না। তবে শুভেন্দুর মিছিলে যে তৃণমূলের মিছিলের থেকে লোক কম হয়েছিল সে কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বিজেপির নেতৃত্ব। তাঁদের বক্তব্য, শুভেন্দুর সভায় দুটি গ্রাম পঞ্চায়েতের লোক ছিল। তবে পত্র কর বাইরে থেকে লোক নিয়ে এসেছিলেন মিছিলে। ফলাফলের পরেই জানা যাবে মানুষ কাকে চায়।