ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এই সিদ্ধান্তের ফলে কংগ্রেসের অনুমোদন বা আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়া প্রেসিডেন্ট একতরফাভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারবেন না।
আরও পড়ুন:
প্রস্তাবটি রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের সদস্যদের সমর্থনেই পাস হয়েছে। আর এরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ভোটাভুটিকে “অর্থহীন” এবং “দেশপ্রেমহীন” বলে উল্লেখ করেন।
ট্রাম্পের দাবি, আলোচনার অগ্রগতি সম্পর্কে কংগ্রেস সদস্যরা অবগত থাকা সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করে তিনি বলেন, তারা ব্যক্তিগত বিদ্বেষ থেকেই এমন পদক্ষেপ নিয়েছে।
নিজ দলের চার রিপাবলিকান সদস্যের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ট্রাম্প। তাঁদের উদ্দেশে তিনি বলেন, “তারা শুধুমাত্র প্রচারের আলো কুড়ানোর চেষ্টা করছে। তাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত।”
মার্কিন রাজনীতিতে ইরান ইস্যু বরাবরই স্পর্শকাতর। এমন পরিস্থিতিতে কংগ্রেসের এই সিদ্ধান্ত এবং তার জেরে ট্রাম্পের প্রতিক্রিয়া ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।