পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: ছত্তিশগড় থেকে বাদুড়িয়ার  অপহৃত দুই কিশোরীকে  উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযুক্ত  দালালদের গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার আটুরিয়া ও আটঘরা এই দুটি গ্রাম থেকে বছর ষোলোর দুই কিশোরী অপহৃত হয়েছিল গত  ২৭ জুলাই।

স্বরূপনগর থানার হঠাৎগঞ্জের বছর তিরিশের যুবক আলামিন দলদার ওই দুই কিশোরীকে অপহৃত করে বলে অভিযোগ। ২৭ জুলাই সকাল বেলা বাড়ি থেকে পড়ার নাম করে দুই কিশোরী  বের হয়।

আর খোঁজ পাওয়া যায়নি। দুটি পরিবারের তরফে বাদুড়িয়া থানায় নিখোঁজের অভিযোগ  দায়ের করা হয়। পরে জানা যায় দুই কিশোরী মোবাইল ফোনের লোকেশন ভিন রাজ্যে। এই দুই কিশোরী অপহৃত হয় বলে অভিযোগ। কিন্তু এই যুবকের সঙ্গে কিশোরীদের মোবাইলে ফোনে একাধিকবার কথাবার্তা হয়েছে কিনা,  এর মধ্যে প্রেম ভালোবাসা বিয়ের প্রলোভন আছে কিনা সেটাও তদন্ত করছে পুলিশ।
যুবকের সঙ্গে আগে  পরিচয় হয়েছিল কিনা দুই কিশোরীর তা জানতে মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করা হচ্ছে।  বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিক অনিল শাউ এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে  মঙ্গলবার রাতে ছত্তিশগড় গিয়ে   দুই নাবালিকাকে উদ্ধার করে। সঙ্গে দালাল আলামিনকেও গ্রেফতার করে।  এর  সঙ্গে কোন পাচার চক্ররের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। দালালসহ দুই কিশোরীকে  বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
বসিরহাটের এস ডিপিও অভিজিত সিনহা মহাপাত্র বলেন, পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে  দ্রুত  উদ্ধারে সচেষ্ট হয়। তাদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন করে দেখা যায় তাদের গন্তব্য স্থল ছত্তিশগড়। তারপর জেলা পুলিশ ছত্তিশগড় পুলিশের সঙ্গে যোগসূত্র তৈরি করে। অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করে সঙ্গে দালালকেও।  এর সঙ্গে কোন বড় চক্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।  সীমান্ত লাগোয়া আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে এদের কোনো যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখতে তাদের মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করে দেখছে পুলিশ।