লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান সংঘাতের আবহে হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত অঞ্চলে হামলা ও পাল্টা হামলার ঘটনা অব্যাহত থাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
আইডিএফের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের একজন ২৩ বছর বয়সী ক্যাপ্টেন শাহার গামলা।

তিনি ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শনিবার সকালে তিনি মারা যান।
অন্য নিহত সেনা ২১ বছর বয়সী সার্জেন্ট ওহাদ ইয়ারি।
তিনি গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। শুক্রবার পৃথক এক ঘটনায় তার মৃত্যু হয়। আইডিএফ জানিয়েছে, দুর্ঘটনাবশত সংঘটিত গোলাগুলির ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

শনিবার রাতে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকলেও সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি এখনও অস্থির। হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ এবং সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান জোরদার করেছে ইসরায়েল। আইডিএফের দাবি, শনিবার একদিনেই হিজবুল্লাহর ১৫০টিরও বেশি স্থাপনা ও অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, সীমান্তে চলমান এই সংঘাত যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। উভয় পক্ষের সামরিক তৎপরতা বাড়তে থাকলে অঞ্চলজুড়ে আরও বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।