পুবের কলম, ওয়েবডেস্ক: পুলিশের নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা। শনিবার রাতে বিজেপি কনভেনর রাকেশ নন্দীর গাড়ি থেকে ৭ লক্ষ ৭৫ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। পরবর্তীতে বিজেপির জেলা সভানেত্রী দীপা বনিকের কাছ থেকে আরও ১ লক্ষ ৩০ হাজার টাকা আটক করে পুলিশ।

সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে জলপাইগুড়ি জেলার ক্রান্তি আউট পোস্টের লাটাগুড়ি সংলগ্ন ক্রান্তি মসজিদ এলাকায় জাতীয় সড়কে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। তখনই নাকা চেকিং-এ বিপুল টাকা বাজেয়াপ্ত করা হয়।

একইসঙ্গে জলপাইগুড়ি জেলার বিজেপি সভানেত্রী দীপা বনিকের কাছ থেকে আরও ১ লক্ষ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।

 

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার উমেশ গণপত খান্ডেবহাল জানান, 'মডেল কোড অফ অনডাক্ট' অনুযায়ী নির্বাচনের সময় কোনও ব্যক্তি যদি নগদ ৫০ হাজারের বেশি টাকা সঙ্গে বহন করেন তাহলে সেই টাকার উৎস সম্পর্কে তাকে প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে হয়। কিন্তু ওইদিন রাতেই তারা কেউই সেরকম কিছু দেখাতে পারেননি। একটা মামলাও রুজু করা হয়েছে।