আরও পড়ুন:
ভোটের মরশুম যত ঘনিয়ে আসছে, ততই সাধারণ মানুষের মন জয়ের কৌশলে সক্রিয় হচ্ছে কেন্দ্র। সেই লক্ষ্যেই আসন্ন সাধারণ বাজেটে প্রবীণ রেলযাত্রীদের জন্য ট্রেনের টিকিটে কনসেশন ফেরানোর ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর এই ছাড় পুনরায় চালু হলে তা নিঃসন্দেহে বড় রাজনৈতিক ও সামাজিক বার্তা বহন করবে।
আরও পড়ুন:
আগামীকাল, রবিবার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রেল বোর্ডের শীর্ষ সূত্রের খবর, ইতিমধ্যেই প্রবীণ যাত্রীদের জন্য কনসেশন পুনরায় চালুর প্রস্তাব অর্থমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।
সেই প্রস্তাবে জানানো হয়েছে, বছরে আনুমানিক দেড় থেকে দু’হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হতে পারে। অর্থমন্ত্রকের অনুমোদন মিললে আগামী অর্থবর্ষ থেকেই এই ছাড় কার্যকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম ও পুদুচেরির মতো গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। এই প্রেক্ষিতে প্রবীণদের জন্য রেল কনসেশন ফিরিয়ে আনা ভোট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তাই বাজেট মঞ্চকে এই ঘোষণার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলেই মনে করছে রাজনৈতিক মহল।আরও পড়ুন:
উল্লেখ্য, করোনার আগে ৬০ বছরের বেশি বয়সি পুরুষ এবং ৫৮ বছরের বেশি বয়সি মহিলা রেলযাত্রীরা যথাক্রমে ৪০ ও ৫০ শতাংশ কনসেশন পেতেন। কিন্তু ২০২০ সালের ২০ মার্চ থেকে সেই ছাড় বন্ধ করে দেওয়া হয়। যদিও রেল সূত্রের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে ৩১ কোটির বেশি প্রবীণ নাগরিক ট্রেনে যাতায়াত করেছেন। তবুও এতদিন এই ছাড় ফেরানো হয়নি।
আরও পড়ুন:
সব মিলিয়ে বাজেটে যদি এই ঘোষণা আসে, তবে তা যেমন প্রবীণদের জন্য বড় স্বস্তির খবর হবে, তেমনই রাজনৈতিক মহলে তৈরি করবে নতুন সমীকরণ। এখন নজর বাজেট ঘোষণার দিকেই।