বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে দায়ের হওয়া একাধিক মামলার শুনানি সোমবার করবে সুপ্রিম কোর্ট। বিচারপতি সুর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই শুনানি হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে, খসড়া তালিকায় থাকা ৭.২৪ কোটি ভোটারের মধ্যে ৯৯.৫ শতাংশই নথি জমা দিয়েছেন। গত ২২ আগস্ট আদালত নির্দেশ দিয়েছিল, বাদ পড়া ভোটাররা অনলাইনেও দাবি জমা দিতে পারবেন।

এরপর রাজনৈতিক দল ও এনজিওগুলির পক্ষ থেকে একাধিক আবেদন করা হয়। কমিশনের পক্ষ থেকে আদালতে জানানো হয়, শেষ তারিখ ১ সেপ্টেম্বর হলেও পরে আসা আবেদনও গ্রহণ করা হবে। যদিও কমিশনের আশঙ্কা, সময়সীমা বাড়ালে চূড়ান্ত তালিকা প্রকাশ বিলম্বিত হতে পারে। অন্যদিকে, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস অভিযোগ করেছে, এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং সময়সীমা বাড়ানো উচিত।