পুবের কলম ওয়েব ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং এনসিপিআই-এর মধ্যে শুরু হয়েছে হুইপ-যুদ্ধ। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় নেই এবং এনডিএ-কে সমর্থন করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জারি করা হুইপের পালটা হিসেবে অধিবেশনের আগে তাঁরাও নিজেদের সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে আলাদা হুইপ জারি করবেন।
আগামী সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস বিল পেশ করার কথা রয়েছে।
তবে শনিবার সন্ধ্যায় অমিত শাহর বাসভবনে প্রায় আধঘণ্টা বৈঠকের পর নিজেদের অবস্থান স্পষ্ট করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কেন্দ্রের মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস—এই দুটি বিলকেই পূর্ণ সমর্থন করবে এনসিপিআই। বিল পেশের সময় দলের ২০ জন সাংসদকে সংসদে উপস্থিত থাকার জন্য দলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার আলাদাভাবে হুইপ জারি করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুইপ প্রসঙ্গে সুদীপের বক্তব্য, তাঁরা তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছেন এবং আর ওই দলের সঙ্গে নেই, তাই সেই হুইপ মানার কোনো প্রশ্নই ওঠে না।