পুবের কলম ওয়েব ডেস্ক: নির্বাচন কমিশন যাই বলুক মুর্শিদাবাদের গ্রামগঞ্জ জুড়ে ট্রাইব্যুনালে আবেদনকারীদের কাছ থেকে নথি চাইছে পুলিশ। আর আইনশৃঙ্খলা রক্ষাকারীদের এমন অদ্ভূত কার্যকলাপে রীতিমতো চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে নাগরিকদের মধ্যে। ভোটার সংক্রান্ত বিষয়ে পুলিশের আজব কাণ্ডকারখানার বিরুদ্ধে রীতিমতো সরব হয়েছেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, সামশেরগঞ্জের বিধায়ক মুহাম্মদ নূর আলম, ডোমকল বিধানসভার সিপিএমের বিধায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ জনপ্রতিনিধিরা। একই রকম প্রতিবাদ জানিয়েছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা কংগ্রেস সভাপতি আলফাজুদ্দিন সেখ। মানবাধিকার সংগঠন এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক রাহুল চক্রবর্তী দেশের নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, পুলিশের এহেন বেআইনি কার্যকলাপে তারা যেন সাড়া না দেন। তিনি বলেন, দেশের নাগরিকদের বিশেষত মুসলিম নাগরিকদের বাংলাদেশি তকমা দিয়ে পুলিশকে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিটেনশন ক্যাম্পে পোরার চেষ্টা করছেন। পরে এইসব নাগরিকদের সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে বাংলাদেশে ‘পুশ-ব্যাক’ করার পরিকল্পনা করেছে।

রাহুল চক্রবর্তী ধর্ম-বর্ণ নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের পুলিশের বেআইনি এমন পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমে গণ আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন। 
উল্লেখ্য, সম্প্রতি দিন দুয়েক থেকে ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, লালগোলা, সাগরদিঘি-সহ মুর্শিদাবাদের সর্বত্র ডিলিটেড ভোটার এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের নথি সংগ্রহ করা শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, পুলিশের কাছে নথি সংগ্রহের কারন সম্পর্কিত স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যাচ্ছে না। পুলিশ নথি সংগ্রহের কোনও নির্দেশিকা দেখানোর প্রয়োজন মনে করছে না। পুলিশের এমন কাণ্ডকারখানায় রীতিমতো আতঙ্ক শুরু হয়েছে জনজীবনে। 
উল্লেখ্য, রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম নির্বাচক তালিকা থেকে এসআইআর-এর নামে কোনওরকম ব্যাখ্যা ছাড়াই ডিলিট করে ফেলেছে নির্বাচন কমিশন। এই ডিলিটেড ভোটারদের সিংহভাগই মুর্শিদাবাদে বসবাসকারী ভারতীয় নাগরিক।
সূত্রের খবর, ডিলিটেড ভোটারদের প্রায় সবাই এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন। কিন্তু আপিলের শুনানি চলছে শম্বুক গতিতে। অন্যদিকে, যেসব ক্ষেত্রে শুনানি হয়েছে তাদের প্রায় সকলের নাম ভোটার তালিকায় তোলার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারকরা। 
অন্যদিকে, বিচারাধীন ভোটারদের শুনানি যখন অপেক্ষমান তখন পুলিশের নথি সংগ্রহের বিষয়টি যথেষ্টই বিতর্কের সূচনা করেছে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক নুর আলম প্রমুখ জানিয়েছেন, পুলিশের নথি সংগ্রহকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। খলিলুর রহমান জানিয়েছেন, তিনি জঙ্গিপুর পুলিশ জেলার এসপিকে নির্বাচন কমিশনের নির্দেশ ব্যতিরেকে নথি সংগ্রহ প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন। নুর আলমের বক্তব্য, ডিলিটেড ভোটারদের বিষয়টি এখন পুরোপুরি এসআইআর ট্রাইব্যুনালের বিচারকদের হাতে।
নির্বাচন কমিশনও এখন জবাবদিহির মধ্যে রয়েছে। ঠিক তখন পুলিশ কেন এমনভাবে নথি সংগ্রহ করছে বোঝা যাচ্ছে না। বিধায়ক সাধারণ মানুষকে অভয় দিয়ে বলেন, বেআইনি কোনও পদক্ষেপই মেনে নেওয়া হবে না। কংগ্রেসের আলফাজুদ্দিন বলেছেন, পুলিশ অর্ডার কপি দেখাতে পারছে না। নথি সংগ্রহের রিসিভ দেওয়া হচ্ছে না। কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা তাদের কোনও নথি এই মুহূর্তে পুলিশকে দিতে বাধ্য নন। 
বিধায়ক মোস্তাফিজুর রহমানের বক্তব্য, নির্বাচন কমিশনের বা এসআইআর ট্রাইব্যুনালের কোনও নির্দেশিকা ছাড়াই পুলিশ যেভাবে নথি সংগ্রহ করছে তার ব্যাখ্যা পুলিশকেই দিতে হবে। একাধিক সামাজিক সংগঠন এবং বিশিষ্টজনেরাও পুলিশের এই পদক্ষেপের বিরোধিতার পাশাপাশি ট্রাইব্যুনালে আবেদনকারী নাগরিকদের পুলিশের কাছে নথি দেওয়ার কোনও প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেছেন।