পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি সপ্তাহের শুরুতে হোটেল কক্ষ থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১৯ বছর বয়সী ছাত্রী অরুণা সিংয়ের রহস্যজনক দেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড় নিল। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি হাতে লেখা নোট উদ্ধার করেছে, যার একটিতে প্রেমিকের সঙ্গে ‘যৌথ আত্মহত্যার চুক্তি’  এবং অন্যটিতে লক্ষ লক্ষ টাকার আর্থিক লেনদেনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই ঘটনার পর থেকেই পলাতক অরুণার কথিত প্রেমিক, ২৪ বছর বয়সী বিপিন যাদব। অভিযুক্তের সন্ধানে তল্লাশি জোরদার করতে ইতিমধ্যেই চারটি বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার সরাই খোয়াজা এলাকার একটি হোটেলের ঘর থেকে অরুণার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার আগের দিন অর্থাৎ সোমবার বিপিনের সঙ্গে ওই হোটেলে উঠেছিলেন তিনি। অরুণার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ধৌজ থানায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, হোটেলের ঘর থেকে উদ্ধার হওয়া প্রথম নোটটিতে বিপিনের স্বাক্ষর রয়েছে।

তাতে লেখা আছে যে, বিগত আট বছর ধরে তাঁদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। দুজনেই পারিপার্শ্বিক পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে একসঙ্গে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে নোটে দাবি করা হয়েছে।

অন্যদিকে, উদ্ধার হওয়া দ্বিতীয় নোটটিতে বেশ কয়েকজন ব্যক্তির নাম এবং তাঁদের সঙ্গে হওয়া আর্থিক লেনদেনের হিসাব লেখা রয়েছে। ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের লেনদেনের উল্লেখ রয়েছে সেখানে। এমনকি ঘটনার দিন সকালেও এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা দেওয়ার কথা ওই নোটে নথিভুক্ত রয়েছে।

ধৌজ থানার স্টেশন হাউস অফিসার ইন্সপেক্টর অনিল কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং পলাতক বিপিন যাদবকে গ্রেপ্তার করতে চারটি পুলিশ দল মোতায়েন করা হয়েছে।