পুবের কলম, ওয়েবডেস্ক: বাড়ি কেনাকে কেন্দ্র করে এক মুসলিম দায়রা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে জয়পুরের হাওয়ামহল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বালমুকুন্দাচার্য ওরফে সঞ্জয় শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল আদালত। আদালতের এই নির্দেশের পর ওই বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপরাধমূলক ভীতিপ্রদর্শনের মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। রাজস্থান হাই কোর্টের আইনজীবী মহম্মদ ইয়াকুব খানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই এফআইআর-টি নথিভুক্ত করা হয়েছে।


 
এফআইআর-এর বিবরণ অনুযায়ী, অভিযোগকারী মহম্মদ ইয়াকুব খানের তুতো ভাই মহম্মদ আরিফ পেশায় একজন দায়রা বিচারক। অভিযোগ করা হয়েছে, গত ২০২৫ সালের ১০ ডিসেম্বর বিধায়ক বালমুকুন্দাচার্য প্রশাসনের কয়েকজন আধিকারিক এবং তাঁর সমর্থকদের একটি বিশাল দলবল নিয়ে মীনা কলোনিতে অবস্থিত বিচারক মহম্মদ আরিফের বাড়ির বাইরে হাজির হন। সেখানেই বাড়ি কেনার বিষয়টিকে কেন্দ্র করে ওই দায়রা বিচারককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী মহম্মদ ইয়াকুব খান এবং আদালতের হস্তক্ষেপে অবশেষে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হলো।