ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। যুদ্ধের জেরে বিদেশে বেসামরিক মানুষের প্রাণহানি যেমন বাড়ছে, তেমনি যুক্তরাষ্ট্রের সাধারণ শ্রমজীবী পরিবারগুলিও অর্থনৈতিক চাপে পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার দাবিও জানান নিউইয়র্ক সিটির মেয়র।
আরও পড়ুন:
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোহরান মামদানি লেখেন, “আজ থেকে তিন মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার পক্ষে কেউ ভোট দেয়নি।
অথচ এর মূল্য দিতে হচ্ছে সেই মানুষদের, যাদের এ বিষয়ে কোনও মতামত দেওয়ার সুযোগই ছিল না।”তিনি আরও বলেন, এই যুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাশাপাশি ১৩ জন মার্কিন সেনার মৃত্যুর কথাও উল্লেখ করে তিনি বলেন, তাঁরা আর কখনও নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন না।
মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ শুরু হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য, যুদ্ধের প্রভাব সরাসরি পড়ছে আমেরিকার সাধারণ মানুষের জীবনে। জ্বালানির দাম বৃদ্ধি, মুদি পণ্যের মূল্যবৃদ্ধি এবং সংসারের বাড়তি খরচে চাপে পড়েছেন বহু মানুষ।
জোহরান মামদানি আরও বলেন, “বিদেশে ঝরে যাওয়া প্রতিটি প্রাণ এবং শ্রমজীবী মানুষের পকেট থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি ডলার এই বেপরোয়া সিদ্ধান্তের ফল। যাদের ওপর এই বোঝা সবচেয়ে বেশি চাপছে, তারাই সবচেয়ে কম দায়ী।”
পোস্টের শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, শুরু থেকেই তিনি এই যুদ্ধের বিরোধিতা করে আসছেন এবং এখনও সেই অবস্থানেই অনড় রয়েছেন। তাঁর কথায়, “এই যুদ্ধের অবসান ঘটাতেই হবে।”