চলমান আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুদ্ধ কোনও পক্ষের জন্যই মঙ্গল বয়ে আনে না; বরং পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উপায়েই সমাধান খুঁজতে হবে। সোমবার আইন মন্ত্রণালয় পরিদর্শনের সময় তিনি এই বার্তা দেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় ইরান সবসময় প্রস্তুত থাকলেও, উত্তেজনা প্রশমনের জন্য যুক্তিসঙ্গত ও কূটনৈতিক সব পথ খোলা রাখা জরুরি।

তাঁর কথায়, সংঘাত কখনও স্থায়ী সমাধান আনে না, বরং তা আরও অস্থিরতা ও ক্ষয়ক্ষতির জন্ম দেয়। তাই যুদ্ধ নয়, সংলাপই হওয়া উচিত বর্তমান সংকটের পথনির্দেশ।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, জনগণের কাছে দেশের বাস্তব পরিস্থিতি স্বচ্ছভাবে তুলে ধরা সরকারের দায়িত্ব।
ভুল তথ্য বা অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে কোনও সমস্যার সমাধান হয় না, বরং তাতে মানুষের আস্থা নষ্ট হয়। তাঁর মতে, সাফল্য যেমন জনগণের সামনে তুলে ধরা উচিত, তেমনই চ্যালেঞ্জগুলিও সততার সঙ্গে জানানো দরকার।

প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময়ে সামনে এল, যখন ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ আটক হওয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিয়েছেন।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, এই মুহূর্তে তেহরানের আলোচনায় বসার কোনও পরিকল্পনা নেই। অর্থাৎ একদিকে ইরান নিজেদের অবস্থানে অনড় থাকলেও, অন্যদিকে প্রেসিডেন্টের বক্তব্যে কূটনৈতিক পথ খোলা রাখার ইঙ্গিত স্পষ্ট।