পুবের কলম,ওয়েবডেস্ক: মিড ডে মিল নিয়ে অভিযোগের অন্ত নেই। কখনও মিড ডে মিলের রান্না করা খাবারে মেলে মরা সাপ, টিকটিকি ও কখনও আবার মিড ডে মিলের জন্য রাখা চালের মধ্যে মিলেছে মরা ইঁদুর। এবার মহারাষ্ট্রের একটি সরকারি স্কুলে  মিড ডে মিলে মিলল মরা টিকটিকি। সেই খাবার খেয়ে  স্কুলের ৮৬ পড়ুয়ার মধ্যে অসুস্থ হয়ে পড়ে ২১ জন। তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মীরা অসতর্কভাবেই কাজ করেন বলে মিড ডে মিলের রান্নায় টিকটিকি পড়েছে বলে অভিযোগ অভিভাবকদের।

সম্প্রতি বিহারের একটি সরকারি স্কুলেও ধরা পড়ে একই ছবি। সেখানে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৩৬ জন পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, খেতে বসে পাতে মরা টিকটিকি দেখতে পায় স্কুলেরই এক পড়ুয়া।
সঙ্গে সঙ্গে শিক্ষকদের বিষয়টি জানায় সে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই সেদিনের মিড ডে মিল বন্ধ করে দেওয়া হয়। সদর হাসপাতালের এক চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসার পর ওই ৩৬ পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার কথা শুনেই তড়িঘড়ি সেদিন হাসপাতালে ছুটে যান মহকুমা শাসক সঞ্জয়কুমার রাই। শিশুদের স্বাস্থ্যের খোঁজ নেন তিনি।
মহকুমা শাসক জানান, ৪০ জন পড়ুয়া মিড ডে মিলের খাবার খেয়েছিল। তার মধ্যে ৩৬ পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। এনজিও সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের প্রধান শিক্ষক সুমার কুমার জানান, 'এনজিও পড়ুয়াদের খাবার সরবরাহ করে। একজন পড়ুয়া আমাদের জানায় তার পাতে টিকটিকি পড়েছে। কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে ৩৬ জন পড়ুয়া। আমরা সঙ্গে সঙ্গেই তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাই। পড়ুয়ারা এখন সুস্থ রয়েছে।'