পুবের কলম, ওয়েবডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে এবার বড়সড় সিদ্ধান্ত নিল ভারতের নির্বাচন কমিশন। ভোটারদের ভিড় নিয়ন্ত্রণ এবং ভোটাভুটি প্রক্রিয়াকে আরও সহজতর করতে রাজ্যে পোলিং স্টেশনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গে আরও ৪ হাজার ৬৬০টি নতুন ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হচ্ছে। এর ফলে রাজ্যে মোট ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫ হাজার ৩৭৯টি।


 
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো নির্দিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারের সংখ্যা ১,২০০ অতিক্রম করলে সেখানে অতিরিক্ত পোলিং স্টেশন তৈরি করা বাধ্যতামূলক। মূলত ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাতে এবং ভোটদানের হার বাড়াতেই এই পদক্ষেপ। এছাড়া পরিকাঠামো বা অবস্থানের অসুবিধার কারণে রাজ্যের ৩২১টি ভোটগ্রহণ কেন্দ্রকে পুরনো জায়গা থেকে সরিয়ে নতুন ঠিকানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটকেন্দ্র বৃদ্ধি বা ঠিকানা বদলের বিষয়টি যাতে সাধারণ মানুষের কাছে পরিষ্কার থাকে, তার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রতিটি এলাকার ভোটারদের তাঁদের নতুন ভোটকেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়া হবে। কমিশন সূত্রে খবর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোট পরিচালনা করতেই এই পরিকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে।