পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা  ইউজিসি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপক নিয়োগকে সহজ করার জন্য ‘সিইউ-চয়ন’ নামে একটি সাধারণ পোর্টাল চালু করেছে। এক বিবৃতিতে ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার বলেছেন যে পোর্টালটি হবে সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের শূন্যপদের তালিকা এবং নিয়োগ ট্র্যাক করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম। আবেদন থেকে শুরু করে স্ক্রিনিং পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াটিকে সম্পূর্ণ একটি অনলাইন মাধ্যমে তুলে আনবে এটি।

সারা দেশে ৫৬টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে।
নয়া পোর্টালের আওতায় আসবে এই বিশ্ববিদ্যালয়গুলি। যদিও ভবিষ্যতের সমস্ত নিয়োগ পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে, তবে ইতিমধ্যে যে শূন্যপদগুলির বিজ্ঞাপন দেওয়া হয়েছে তা বিদ্যমান নীতি অনুসারেই পূরণ করা হবে বলে ইউজিসি চেয়ারম্যান তার বিবৃতিতে জানিয়েছেন। এখন প্রতিটি বিশ্ববিদ্যালয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। সবাই আলাদা ভাবে সম্পন্ন করে এই প্রক্রিয়া। একসঙ্গে একটি পোর্টালে পুরো বিষয়টি উঠে আসায় চাকরিপ্রার্থীদের সুবিধা হবে বলে জানান জগদীশ কুমার।