পুবের কলম,ওয়েবডেস্ক: আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশজুড়ে ভয়াবহ এ আগুন ছড়িয়ে পড়ার পর হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দেশটির ১০ সেনা সদস্যও রয়েছেন। আগুন নেভানোর চেষ্টার সময় প্রাণ হারান তারা।

আলজেরিয়াজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। সোমবার উত্তর আফ্রিকার এই দেশটির ১৬ টি প্রদেশে ৯৭টি দাবানলের প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে।

আর এই দাবানলে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে। প্রায় ৮ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ভয়াবহ এই দাবানলে ২৬ জন আহত হয়েছেন এবং ফেনাইয়া, বেজাইয়া, জাবারবার ও বুইরাতে ১৫০০ মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় দশজন সেনা নিহত হয়েছেন।

সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত প্রবল বাতাসের কারণে আগ্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে তারা।