পুবের কলম,ওয়েবডেস্ক: হরিয়ানার নুহতে সাম্প্রদায়িক হিংসার আগুন এখনও ঠান্ডা হয়নি। তার রেশ ধরেই হরিয়ানার সোনিপত জেলায় ফের ১৪৪ ধারা জারি করা হয়েছে। হিংসার আশঙ্কায় জেলায় ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ-প্রশাসন। আপাতত কোনও সহিংসতার ঘটনা সামনে না এলেও পুলিশ সতর্ক রয়েছে।

সোনিপাতের খান কলোনিতে বেশ কিছু হিন্দু  সংগঠন আজ অর্থাৎ মঙ্গলবার হনুমান চালিশা পাঠ কর্মসূচির কথা ঘোষণা করেছে। এই জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস। সেখানে হিন্দুদের হনুমান চালিশা পাঠ কর্মসূচির ফলে হিংসা  ছড়াতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

খান কলোনিতে যাতে কোনও হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সোনিপত পুলিশ সোশ্যাল মিডিয়া থেকে কিছু সন্দেহজনক খবর পেয়েছে। নির্দেশ দেওয়া হয় এক জায়গায় ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। অন্যদিকে, ১৪৪ ধারা জারির বিরোধিতা করেছেন হিন্দু সংগঠনের কর্মীরা। হিন্দু সংগঠনগুলো বলছে, তারা খান কলোনির মন্দিরে মঙ্গলবার শান্তিপূর্ণভাবে হনুমান চালিশা পাঠ করবে।
সোনিপতের এসিপি নর সিং জানিয়েছেন, সোনিপত পুলিশ সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজর রাখছে। এখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না।

উল্লেখ্য, ৩১ জুলাই ব্রজমণ্ডল যাত্রার সময় নুহতে  সহিংসতা হয়েছিল, ওই ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এই হিংসার আগুন ছড়িয়ে পড়ে সোনিপত, পানিপত, গুরুগ্রামে। এরপর এসব জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। এখন আবার নতুন করে সোনিপতে সহিংসতার সম্ভাবনা থাকায় সতর্ক রয়েছে প্রশাসন।