পুবের কলম ওয়েবডেস্ক : বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন একে অপরকে বাড়িয়ে ‘দুষ্ট চক্র’ তৈরি করছে, যা বৈশ্বিক স্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ডব্লিউএমও এ তথ্য প্রকাশ করে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর ‘ক্লিন এয়ার ফর ব্লু স্কাই’ দিবস উপলক্ষে সংস্থাটি বিশেষ সতর্কবার্তা দিয়েছে।

ডব্লিউএমও-র উপ-মহাসচিব কো ব্যারেট বলেন, “জলবায়ু পরিবর্তন ও বায়ুর মান একা মোকাবিলা করা সম্ভব নয়। আমাদের গ্রহ, মানুষ ও অর্থনীতির সুরক্ষায় যৌথ পদক্ষেপ নিতে হবে।

” জাতিসংঘের এই সংস্থার হিসাবে, পরিবেশগত বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে ৪৫ লাখেরও বেশি মানুষ অকাল মৃত্যুর শিকার হচ্ছে। জীবাশ্ম জ্বালানি দাহসহ মানবসৃষ্ট কারণেই বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন তীব্রতর হচ্ছে।

ব্যারেট আরও বলেন, জলবায়ু ও বায়ুদূষণের প্রভাব কোনো জাতীয় সীমানায় সীমাবদ্ধ নয়। তীব্র তাপ ও খরার কারণে দাবানলের ঝুঁকি বাড়ছে। তাই আন্তর্জাতিক সহযোগিতা ও পর্যবেক্ষণ ছাড়া এ সংকট মোকাবিলা সম্ভব নয়।