পুবের কলম, ওয়েবডেস্ক:  দলের কর্মীদের নামেই বিরুদ্ধ মন্তব্য। বিজেপির কেন্দ্রীয় পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুপম হাজরাকে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডা রাজ্যে আসেন। দুদিনের কর্মসূচি ছিল তাদের।

দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে জাতীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে।

২০২০ সাল থেকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে ছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ।

দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক ঠিকঠাক চলছিল না। দলের কর্মীদের বিরুদ্ধেই নানা ধরনের বিরুদ্ধ মন্তব্য করতে দেখা যায় অনুপম হাজরাকে। দলের অধিকাংশ কর্মসূচি থেকেই তাঁকে ব্রাত্য করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছিলেন এই তিনি। তাঁর ওয়াই ক্যাটেগরির নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু, তারপরও দমেননি অনুপম হাজরা।

দীর্ঘদিন ধরেই বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব অনুপম। তাঁকে সম্প্রতি তৃণমূলের মঞ্চেও দেখা গিয়েছে৷ গত রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে, আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকব কি আমরা?' এর ৪৮ ঘণ্টার মধ্যে পদ হারালেন তিনি।