পুবের কলম,ওয়েবডেস্ক: পাটনা হাইকোর্ট বিহারে জাতি শুমারির বিষয়ে নীতীশ-তেজস্বী সরকারের পক্ষেই রায় দিল। সমস্ত আবেদন খারিজ করে বিহারে বর্ণ শুমারি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এটা আদমশুমারির মতো নয়, বরং সার্ভে আকারে করা হবে। মঙ্গলবার পাটনা হাইকোর্ট তাদের চূড়ান্ত সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে।

এই রায় আসার পর মনে করা হচ্ছে বিহারে রাজনৈতিক প্রভাব দেখা দিতে শুরু করেছে।
আরজেডি এই রায়কে ঐতিহাসিক বলে মনে করছে। অন্যদিকে, বিজেপি নেতা এবং বিরোধী নেতা বিজয় সিনহা সরকারকে প্রশ্ন করেছেন যে বর্ণ শুমারি কীভাবে বিহারে দুর্নীতির অবসান ঘটাবে। বিজেপি কোথাও শুরু থেকেই জাতি শুমারির পক্ষে ছিল না।

এটা স্পষ্ট হয় যখন বিহারের বিধায়কদের নিয়ে প্রধানমন্ত্রীর দেখা করতে যান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রধানমন্ত্রী জানান, বিহার সরকার যদি নিজেদের খরচে জাতিভিত্তিক সমীক্ষা চালাতে চায় তাহলে তাঁর আপত্তি নেই।
তিনি এই প্রকল্পে জন্য কেন্দ্রীয় সরকার কোনও ফান্ড দেবে না।

এরপর নীতিশ-তেজস্বী বিহারে সরকার চালানোর সঙ্গেই জাতিভিত্তিক সমীক্ষাও শুরু করে। এরপর বিহার বিজেপির সমস্ত নেতারা অভিযোগ তোলে নীতীশ-তেজস্বী ৫০০ কোটি টাকা জলে ভাসিনোর সিদ্ধান্ত নিয়েছে। জাতিভিত্তিক সমীক্ষায় বিহারের জন্য কোনও লাভ হবে না। অন্তবর্তীকালীন সিদ্ধান্ত বিহার সরকারের বিরুদ্ধে গেলেও, চূড়ান্ত সিদ্ধান্ত তাদের পক্ষেই গেল। নীতীশ সরকারের স্বপ্নের প্রকল্প জাতিভিত্তিক সমীক্ষাকে সবুজ সংকেত দিল পাটনা হাইকোর্ট।