পুবের কলম ওয়েবডেস্ক : পশ্চিমবাংলায় বিজেপি ধরাশায়ী হয়েছে– উত্তরপ্রদেশ নিয়েও এবার আমাদের ভাবতে হবে– এমন মন্তব্য করলেন কৃষক আন্দোলনের অন্যতম নেতা এবং স্বরাজ ইন্ডিয়া পার্টির প্রমুখ যোগেন্দ্র যাদব। তিনি বলেন– কৃষকরা রাজনীতিও করতে জানে তবে ২-৪টি বিধায়ক তৈরি করার জন্য কিংবা কাউকে মুখ্যমন্ত্রী বানাবার জন্য রাজনীতি করে এই পরিস্থিতিতে ফায়দা হবে না। কৃষকরা দেশের গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষ আদর্শ বাঁচাবার জন্য তীব্র সংগ্রাম করছে– তাই এমন রাজনীতি করা দরকার যার ফলে রাজনীতির এজেন্ডা পালটে দেওয়া যায়।

এই কৃষক নেতা বলেন– বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়বার জ্বলন্ত উদাহরণ রয়েছে পশ্চিমবঙ্গে। বিজেপিকে হারাবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস শপথ নিয়ে রাজনীতির ময়দানে নেমে কামিয়াব হয়েছে।

উত্তরপ্রদেশেও একই ধরনের সংকল্প নেওয়ার দরকার রয়েছে। তিনি বলেন– উত্তরপ্রদেশে কৃষক হত্যায় প্রধান ষড়যন্ত্রকারী কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে ভোটের ময়দানে নামিয়ে ভোট করতে চাইছে বিজেপি। জেলখানায় থাকার বদলে তাকে ৪০০ আসনে ভোট সংগ্রহের কাজে নামাবে বিজেপি– কৃষকরা মুখের মতো জবাব দেবে নিশ্চয়ই।

রাজনীতিতে অংশ নেওয়া নিয়ে প্রশ্নের উত্তরে যোগেন্দ্র যাদব বলেন– সংযুক্ত মোর্চার নামে রাজনীতি করা উচিত হবে না। কৃষক নেতারা এককভাবে পাঞ্জাবে দল তৈরি করেছে– সে স্বাধীনতা রয়েছে সকলের।

তবে বিজেপির মতো পরাক্রম দেখানো দলের বিরুদ্ধে লড়তে হলে কৃষক আন্দোলনের আদর্শ সামনে রেখে সম্মিলিতভাবে ময়দানে নামতে হবে। হিন্দু মুসলিম বিভাজন রাজনীতির বিরুদ্ধে এবং লোকতন্ত্র বাঁচাবার লক্ষ্যেই এগিয়ে আসতে হবে। উত্তরপ্রদেশ নিয়ে এখনই ভাববার সময় এসেছে– আর দেখতে হবে আন্দোলনের এই পর্যায়ে এসে কৃষকদের মধ্যে যেন বিভাজন তৈরি না হয়। যাদব বলেন পশ্চিমবাংলা পারলে উত্তরপ্রদেশও পারবে। গণতন্ত্র বাঁচাবার লড়াইয়ে জিততেই হবে।