পুবের কলম ওয়েবডেস্কঃ বিহারে মুজাফফরপুরে নুডলস কারখানায় বয়লার বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ১০। রবিবার সকালে মুজাফফরপুর শিল্পাঞ্চলের মোদি কুরকুরে এবং নুডলস কারখানায় এই বিস্ফোরণ ঘটে। বয়লার ফেটে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। তবে গুরুতর আহত অবস্থায় অনেকেই ভর্তি আছেন হাসপাতালে এর ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাঁচ কিলোমিটার দুর থেকেও শোনা যায় শব্দ।বিস্ফোরণের জেরে পাশের একটি আটার কারখানা এবং বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে।নুডলস কারখানায় বিস্ফোরণের জেরে নিহতদের অনেককেই এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্বিগ্ন পরিজনরা ভিড় করেছেন কারখানার সামনে। কান্নার শব্দে ভারি হয়ে উঠেছে পরিবেশ।
আরও পড়ুন:
স্থানীয় মানুষের সহায়তায় পুলিশ উদ্ধারকাজে হাত লাগায় ৷ দুর্ঘটনার সময় কারখানায় কতজন কর্মরত ছিলেন সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকলেও ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জেলাশাসক প্রবীণ কুমার জানিয়েছেন, এদিন সকাল ১০টায় নুডলস কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণটি ঘটে৷ দুর্ঘটনার সময় ওই কারখানায় কতজন ছিলেন তা জানার চেষ্টা চলছে৷