পুবের কলম,ওয়েবডেস্ক:ফের খবরের শিরোনামে এয়ার ইন্ডিয়া। মাঝ আকাশে উড়ানের মধ্যে হুলস্থূল কাণ্ড। শুধু তাই নয়, বিমানের মধ্যেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করলেন এক প্রবীণ বলে অভিযোগ।

উড়ান সংস্থা সূত্রে খবর, গত বুধবার নিউ ইয়র্ক থেকে মুম্বইগামী বিমানের বিজনেস ক্লাসে ওঠেন ওই ব্যক্তি। মাঝ আকশে আচমকাই অসস্থি বোধ করতে থাকে ওই ব্যক্তি। তখনই উড়ানের মধ্যে রীতিমতো পাগলামো শুরু করে দেন তিনি।

প্রত্যক্ষদর্শী সহযাত্রীদের দাবি, হঠাৎ করেই দৌড়ে গিয়ে বিমানের গেট খোলার চেষ্টা করেন ওই ব্যক্তি। গেটের হ্যান্ডেলের একটি অংশ ধরে ঝুলতেও শুরু করেন তিনি।বিষয়টি নজর আসতেই ছুটে আসেন ক্রু সদস্যরা। কোনও মতে তাঁকে নিরস্ত করা হয়। এক রকম জোর করেই ওই ব্যক্তিকে সিটে বসিয়ে দেন তাঁরা। “কিন্তু সিটে বসেও শান্ত হননি ওই প্রবীণ যাত্রী।
রীতিমতো চিল চিৎকার শুরু করে দেন তিনি। উড়ানের দরজা খুলে দেওয়ার জন্য বায়না করতে থাকেন ওই ব্যক্তি।

দরজা খুলে দিলেই তিনি নেমে যাবেন। এই কথাটাই বারবার বলছিলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির নাম তোনশেখর। সহযাত্রীদের কথায়, একটা সময় বিরক্ত হয়ে ক্রু সদস্যদের গালিগালাজ শুরু করেন ওই প্রবীণ ব্যক্তি।
তাঁকে শান্ত করার চেষ্টা করেন স্ত্রী। তাতে পরিস্থিতি হিতে-বিপরীত হয়। আরও রণমূর্তি ধারন করেন তিনি।

শান্ত হওয়া তো দূরে থাক উলটে স্ত্রীর গলা টিপে ধরেন ওই ব্যক্তি।উড়ানের মধ্যে যাত্রীর এই ‘রণং দেহী’ ভাব দেখে ফের ছুটে আসেন ক্রু সদস্যরা। কোনও মতে স্ত্রীকে উদ্ধার করেন তাঁরা। শুধু তাই নয়, বাকি সময়ের জন্য ওই মহিলাকে আর তাঁর স্বামীর পাশে বসতে দেওয়া হয়নি। অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে।