ঘুষ নেওয়ার অভিযোগে প্রতিরক্ষা মন্ত্রকে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল দীপক কুমার শর্মাকে গ্রেপ্তার করেছে সিবিআই। একই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন বিনোদ কুমার নামে আরও এক ব্যক্তি। সিবিআইয়ের অভিযোগ, টাকার বিনিময়ে বেসরকারি প্রতিরক্ষা সংস্থাকে বেআইনি ভাবে সরকারি ছাড়পত্র পাইয়ে দিতেন দীপক।
তদন্তকারীদের দাবি, প্রতিরক্ষা মন্ত্রকের আন্তর্জাতিক সহযোগিতা ও রপ্তানি বিভাগে দায়িত্বে থাকার সময় তিনি এই দুর্নীতিতে জড়ান। দুবাইয়ের একটি প্রতিরক্ষা সংস্থা, যার বেঙ্গালুরুতেও শাখা রয়েছে, তাদের কাছ থেকে গত ১৮ ডিসেম্বর ৩ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয় বলে অভিযোগ। বিনোদ কুমারের মাধ্যমেই ওই সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল।
এই ঘটনার পর দিল্লি, শ্রীগঙ্গানগর, বেঙ্গালুরু ও জম্মুতে তল্লাশি চালায় সিবিআই। দিল্লিতে দীপকের বাড়ি থেকে ৫.২৩ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়। শ্রীগঙ্গানগরে তাঁর অন্য বাড়ি থেকে বাজেয়াপ্ত হয় ১০ লক্ষ টাকা ও গুরুত্বপূর্ণ নথি। তদন্ত এখনও চলছে।



























