পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে স্বস্তির বার্তা দিল ইরান। লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির জন্য কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেছে তেহরান। শুক্রবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স-এ এক বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত সকল বাণিজ্যিক জাহাজ এই প্রণালি দিয়ে অবাধে যাতায়াত করতে পারবে।
আরও পড়ুন:
আরাঘচি তার পোস্টে উল্লেখ করেন, লেবাননের পরিস্থিতির সঙ্গে সংহতি রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের ‘পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন’ কর্তৃক আগে থেকে নির্ধারিত সমন্বিত রুট বা পথ অনুসরণ করতে হবে। গত কয়েক দিন ধরে এই জলপথে মার্কিন অবরোধ এবং জাহাজ চলাচল নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল, ইরানের এই ঘোষণার পর সেখানে স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান এই পথটি উন্মুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা।