পুবের কলম ওয়েবডেস্ক: হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে ইরান সরকারের ঘোষণার পর কিছু নতুন শর্তা আরোপ করেছে ইরানের সামরিক কর্তা। ইরানের টেলিভিশন জানিয়েছে, এই জলপথ দিয়ে চলাচলের ক্ষেত্রে জাহাজগুলোকে এখনও নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কাছ থেকে অনুমতি নিতে হবে।

ইরানের টেলিভিশনের প্রতিবেদনে আরও স্পষ্ট করা হয়েছে যে, প্রণালিটি শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। কোনও দেশের সামরিক জাহাজ বা যুদ্ধজাহাজ এই জলপথ দিয়ে চলাচলের অনুমতি পাবে না।

অর্থাৎ, প্রণালিটি উন্মুক্ত হওয়ার যে স্বস্তি বিশ্ববাজারে তৈরি হয়েছিল, সেখানে ইরানি বাহিনীর ‘অনুমতি’ এবং ‘শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ’ চলাচলের এই শর্ত নতুন করে পর্যালোচনার সুযোগ তৈরি করেছে।

এদিকে হরমুজ প্রণালি উন্মুক্ত করার খবরের পরপরই ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ নিয়ে নতুন অবস্থান স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, হরমোজ প্রণালি বাণিজ্য ও যাতায়াতের জন্য এখন ‘পুরোপুরি উন্মুক্ত’ থাকলেও ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ এখনই উঠছে না।

উল্লেখ্য, এর আগে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।