পুবের কলম,ওয়েবডেস্ক: বাসমতি চাল রফতানিতে শর্তসাপেক্ষ নিষেধাজ্ঞা আরোপ কেন্দ্রের। সূত্রে খবর, যে ক্ষেত্রে বিদেশের মাটিতে এক টন বাসমতি চাল ১,২০০ মার্কিন ডলারের কমে বিক্রি করা হবে, সেক্ষেত্রে রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সংশ্লিষ্ট সীমার ঊর্ধ্বে রফতানিতে কোনও বিধিনিষেধ চাপানো হয়নি বলেই জানানো হয়েছে।

শুক্রবার সিদ্ধ চালের রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক চাপিয়েছে কেন্দ্র সরকার।
ঘরোয়া বাজারে চালের দাম ও জোগান নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আসন্ন উৎসব মরশুমে খুচরা দাম নিয়ন্ত্রণে রাখতে গত মাসে নন-বাসমতি সাদা চাল নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। দিন পনেরো আগে ভারত সরকার পেঁয়াজের উপর ৪০ শতাংশ রফতানি শুল্ক চাপিয়েছে। তাতে দেশে বিরূপ প্রতিক্রিয়া হয়।

সরকারি সূত্রে খবর, আতপের উপর নিষেধাজ্ঞা আরোপের পর সিদ্ধ চালের উপর  নজর পড়ে রফতানিকারকদের। ইতিমধ্যে বিপুল পরিমান সিদ্ধ চাল রফতানির অর্ডার নিয়েছেন তাঁরা। দেশের অভ্যন্তরীণ বাজারে সংশ্লিষ্ট পণ্যর সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে ২০ শতাংশ রফতানি শুল্ক চাপানো হয়েছে। যদিও এই সিদ্ধান্তে নতুন করে বিপাকে পড়তে চলেছে মধ্যপ্রাচ্যের বাঙালিরা।