ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। বেইজিং এই অভিযানকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী বলে উল্লেখ করে একে ‘জঙ্গলের আইন’ হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে চীনা সরকার।
সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এক বিবৃতিতে জানায়, বেইজিং বর্তমান পরিস্থিতিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং তাৎক্ষণিক উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-র সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেন। আলোচনায় তিনি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। ওয়াং ই বলেন, “চীন দৃঢ়ভাবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার পক্ষে অবস্থান করছে। বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং তেহরানের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, চলমান সামরিক অভিযান আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই ওয়াশিংটন ও তেল আবিবকে অবিলম্বে হামলা বন্ধ করে সংলাপের পথে ফেরার আহ্বান জানান তিনি।
বিশ্লেষকদের মতে, চীনের এই প্রকাশ্য সমর্থন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন কূটনৈতিক মাত্রা দিতে পারে। যদি উত্তেজনা দ্রুত প্রশমিত না হয়, তবে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। চীনের বক্তব্যে স্পষ্ট, তারা সরাসরি সামরিক জড়িত না হলেও কূটনৈতিকভাবে ইরানের পাশে দৃঢ় অবস্থান নিতে প্রস্তুত।






















