পুবের কলম,ওয়েবডেস্ক: গাজার উপর ইসরাইলের আক্রমণের নিন্দা জানিয়ে আমেরিকা ও তার মিত্রদের বিরাগভাজন হয়ে পড়েছে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইসরাইলের সঙ্গে যদি আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় যাক, আমরা ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা মেনে নেব না। ইসরাইলের মিত্র দেশ হিসেবে আমরা সেই অন্যায়ের ভাগীদার হতে চাই না। প্রেসিডেন্ট পেত্রার এই মন্তব্য এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। কলম্বিয়াকে হামাসের সন্ত্রাসী কাজের সমর্থক পর্যন্ত বলে দিয়েছে তারা। ইসরাইলের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিওর হাইয়াত জানিয়েছেন, কলম্বিয়ার রাষ্ট্রদূতকে শমন পাঠানো হয়েছে।
এই ধরনের ইসরাইল-বিরোধী মন্তব্য করা নিয়ে ইসরাইলের এই মুখপাত্র কলম্বিয়ার নিন্দা জানিয়ে বলেছেন, এর ফলে কলম্বিয়ায় থাকা ইহুদিরা হুমকির মধ্যে পড়ে যাবে। এই মন্তব্য জাতিবিদ্বেষী এবং হামাসের সন্ত্রাসী কাজকর্মকে সমর্থন জানানো হবে এ ধরনের মন্তব্যের মধ্য দিয়ে।আরও পড়ুন:
অপরদিকে কলম্বিয়া জানিয়েছে, ফিলিস্তিনের উপর ইসরাইলের এই আক্রমণ গণহত্যার সামিল। কলম্বিয়া কখনোই গণহত্যাকারীর সঙ্গ দিতে পারে না। ইসরাইলের সেনাদের নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করে তিনি বলেন, গাজা এখন নাৎসী জামানার এক কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত। অবিলম্বে আক্রমণ বন্ধ করুক ইসরাইল।
নাহলে সবরকম বৈদেশিক সম্পর্ক ছিন্ন করা হবে। ইসরাইল যে ভাষায় কলম্বিয়ার নিন্দা করছে সেটাকে সমগ্র কলম্বিয়াবাসীর প্রতি অপমান বলে মনে করে প্রেসিডেন্ট পেত্রা সমগ্র ল্যাটিন আমেরিকানদের একজোট হয়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। কলম্বিয়ার পক্ষ থেকে ইতিপূর্বে জনমত সংগ্রহের জন্য ‘গণহত্যা সমর্থনযোগ্য নয়’ বলে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। কলম্বিয়া জানিয়েছে, রাষ্ট্রসংঘে সাধারণ অধিবেশনে তারা এই বিষয়টি নিয়ে ফিলিস্তিনিদের পক্ষেই ঝড় তুলবে। ইতিমধ্যে ফিলিস্তিনিদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে কলম্বিয়া। মিশরের সীমান্ত দিয়ে এই ত্রাণসামগ্রী ফিলিস্তিনিদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।আরও পড়ুন:
সংবাদ সূত্র জানাচ্ছে, আমেরিকা ও ইসরাইলের পক্ষ থেকে বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠিয়ে তাদের কাছ থেকে স্পষ্ট উদ্ধৃতি আদায় করতে চাইছে তারা। তাদের সেই উদ্ধৃতি হচ্ছে, আমরা হামাসের সন্ত্রাসের নিন্দা করছি। কলম্বিয়া শুধু এইটুকু উদ্ধৃতিতে সমর্থন জানাতে রাজি না হওয়ায় ইসরাইলের সঙ্গে তাদের বিতর্ক তৈরি হয়। বরং কলম্বিয়া ইসরাইলের গণহত্যার বিষয়টি মুখের উপর বলে দিয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্টের এই উক্তির পর ইসরাইল সেই দেশকে অস্ত্র রফতানির অর্ডার বাতিল করে দিয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ৫৭টি মুসলিম দেশের মধ্যে ইরান ছাড়া আরও কোনও দেশ ইসরাইলের গণহত্যা নিয়ে স্পষ্টভাষায় বার্তা দিতে চাইছে না কোনও কারণে সেখানে কলম্বিয়া দুঃসাহসের পরিচয় দেওয়ায় প্রশংসায় ভূষিত হচ্ছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রা।