পুবের কলম, ওয়েবডেস্ক: এপ্রিলের শুরুতেই সাধারণ ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। বুধবার বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিশেষ করে পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের জেরে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় এই মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে পড়েছে বলে জানানো হয়েছে।
 
 রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে ১৯ কেজি ওজনের প্রতিটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের বর্তমান দাম দাঁড়াল ২,০৭৮.৫০ টাকা।

প্রসঙ্গত, এর আগে গত ১ মার্চ এই সিলিন্ডারের দাম ১১৪.৫ টাকা বাড়ানো হয়েছিল। এক মাসের ব্যবধানে পরপর দুবার বড় মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়ীরা চরম সংকটে পড়বেন বলে মনে করা হচ্ছে।
 
 বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও সাধারণ মানুষের স্বস্তি বজায় রেখেছে কেন্দ্র। ১৪.২ কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাসের দাম এবার বাড়ানো হয়নি। দিল্লিতে ঘরোয়া সিলিন্ডারের দাম বর্তমানে ৯১৩ টাকাই থাকছে। এর আগে গত ৭ মার্চ ঘরোয়া গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬০ টাকা বাড়ানো হয়েছিল।